সালমান এফ রহমান ও তাঁর ছেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।
বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত কোনো ব্যাংক হিসাব থাকলে সেগুলোর লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে। এছাড়া তাঁদের নামে কোনো লকার থাকলে সেটির ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
লেনদেন স্থগিতের পাশাপাশি সালমান ফজলুর রহমান এবং তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্যও চিঠিতে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে সেই হিসাবের তথ্য বা দলিল (যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী ইত্যাদি) চিঠি পাওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সালমান ফজলুর রহমান আর্থিক খাতের এক প্রতাপশালী ব্যক্তি ছিলেন। গত ১৫ বছরে ব্যাংক ও শেয়ারবাজারে প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আটক হন।