প্রধান উপদেষ্টার সহকারী হলেন ছাত্র আন্দোলনের মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য নতুন একজন বিশেষ সহকারী নিয়োগ দেয়া হয়েছে, তিনি হলেন মো. মাহফুজ আলম। মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
আজ বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে সচিব পদমর্যাদায় বেতন, আনুষঙ্গিক সুবিধাসহ এই নিয়োগ প্রদান করা হয়েছে। তাঁর এই নিয়োগ প্রধান উপদেষ্টার মেয়াদ বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যা আগে ঘটে) যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে ২৪ আগস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। বিশেষ সহকারী পদে থাকা অবস্থায় আবদুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।
ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকারে উপদেষ্টা হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এত কম বয়সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন নজির স্থাপন করেন তাঁরা।
.jpg)